মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন নরওয়ের সাংবাদিক হেলে লিং। সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেলিস্ট ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। নরওয়েতে মোদিকে প্রশ্নের মুখে ফেলে আলোচনায় এসেছিলেন সাংবাদিক হেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিওবার্তায় হেলে লিং বলেন, ভারত সফরের জন্য তার ভিসা ইস্যু করা হয়েছিল। সম্মেলনে যোগ দিতে সকালে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। ওই সময় তিনি মোদিকে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে তিনি কেন আগ্রহী নন।
পরবর্তী সময়ে এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে হেলে লিং বলেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।
এ ঘটনা ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের এক সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে হেলে লিং বারবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’
এরপর ভারত সামিটে যোগ দেওয়ার আগে ভিসা বাতিলের অভিযোগ সামনে আনেন তিনি। তবে তার অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *