যশোরে শিশু সন্তানকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী আহত

যশোরে শিশু সন্তানকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী আহত

যশোর শহরের চাঁচড়া পূর্বপাড়া এলাকায় শিশু সন্তানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিনু (৩০) নামে এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার(২২ মে) রাত ৭টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি থানার চাঁচড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিনু ওই এলাকার মৃত জামশেদ মোড়লের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মিনুর মেয়ে অনিকা আক্তার প্রান্তী (১৮)-এর সাবেক স্বামী রাসেলের সঙ্গে তাদের পাঁচ মাস বয়সী ছেলে সন্তান তাহমিমকে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশু সন্তানকে আনা-নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত রাসেল (২৫) ও আরিফ (২৫) মিনুর ওপর হামলা চালায়। এ সময় মিনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

অভিযুক্ত রাসেল চাঁচড়া গোলদারপাড়া এলাকার মো. তানজিলের ছেলে এবং আরিফ একই এলাকার সেলিমের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *