কেশবপুরে অবৈধ দুই ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

কেশবপুরে লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (১০ মে) দুপুরে যশোর সিভিল সার্জনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

বন্ধ ঘোষিত প্রতিষ্ঠান দুটি হলো পৌর শহরের সরকারি পশু হাসপাতাল সংলগ্ন ‘মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘ক্রিস্টাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’।

যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের হালনাগাদ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান দুটির অপারেশন থিয়েটারসহ সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, বৈধ কাগজপত্র ছাড়া ক্লিনিক পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দুটি কোনো ধরনের চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ বলেন, বন্ধ ঘোষিত ক্লিনিক দুটির ২০২৩ সালের পর থেকে কোনো লাইসেন্স নবায়ন করা হয়নি। সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে স্থানীয় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *