যশোরে অবৈধ ইজিবাইক চার্জিং স্টেশনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর শহরে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা অবৈধ ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। তবে ব্যক্তিগত বাসাবাড়িতে একটি ইজিবাইক চার্জ দেওয়ার বিষয়টি শিথিল থাকলেও বাণিজ্যিক পয়েন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় এপ্রিল-২০২৬ মাসের অপরাধচিত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। পর্যালোচনায় দেখা যায়, গেল মাসে জেলায় ৬টি খুন ও ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় বেশি। এছাড়া নারী নির্যাতন, মানব পাচার ও সিঁধেল চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সরকারি নির্দেশনা মোতাবেক কোনো সড়কেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে মজুদদারদের বিরুদ্ধে অভিযান এবং পশুহাটে জাল টাকা শনাক্ত ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানোর কথা জানানো হয়েছে।

মাদক, ছিনতাই এবং সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে সভায়।

আলোচনা চলাকালে শহরের ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদের বিষয়ে কয়েকজন সদস্য ঈদের আগ পর্যন্ত নমনীয়তা দেখানোর অনুরোধ করেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, এতে সাধারণ মানুষের স্বস্তিতে চলাচল ও সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *