সিদ্ধিরগঞ্জে মন্দিরের তালা পরিবর্তন ও ভাঙচুরের অভিযোগ নীট কনসার্নের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরে স্থানীয় প্রশাসনের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে প্রবেশগেটের তালা পরিবর্তন, ভেতরের অবকাঠামো ভাঙচুর এবং ভক্তদের প্রবেশ রুদ্ধ করার গুরুতর অভিযোগ উঠেছে শিল্প প্রতিষ্ঠান ‘নীট কনসার্ন গ্রুপ’-এর বিরুদ্ধে।

​গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে মন্দিরের প্রবেশগেটের তালা বদলে দেওয়া এবং ভেতরে তাণ্ডব চালানোর পর থেকে মন্দিরটিতে নিয়মিত পূজার্চনা পুরোপুরি বন্ধ রয়েছে বলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মন্দির পরিচালনা কমিটির শীর্ষ নেতারা।

​মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করে জানান, প্রশাসনের জারিকৃত নির্দেশনা তোয়াক্কা না করে মন্দিরের প্রধান ফটকের পূর্বের তালা পরিবর্তন করে নীট কনসার্ন কর্তৃপক্ষ তাদের নিজেদের তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে বাইর থেকে ভাড়াটে লোক এনে মন্দিরে ভাঙচুর চালিয়ে ফটক রুদ্ধ করে দেওয়া হয়। উক্ত ঘটনায় নীট কনসার্ন গ্রুপের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট মনির হোসেন মোল্লা ও মুস্তাফিজ নামের দুজন ব্যক্তি সরাসরি জড়িত বলে দাবি করেন তিনি।

​ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে অ্যাডভোকেট তরুণ লাল বেগী আরও বলেন, “শত বছরের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দিরে ২০১২ সাল পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিত্য পূজার্চনা পরিচালিত হয়ে আসছিল। কিন্তু এরপর থেকে একটি কায়েনেমী স্বার্থান্বেষী মহল পূজার্চনায় নানাভাবে বিঘ্ন ঘটাতে শুরু করে। একপর্যায়ে দুর্গাপূজা, কালীপূজা ও লক্ষ্মীপূজার মতো বড় বড় ধর্মীয় উৎসব ছাড়া সাধারণ সময়ে উপাসনার সুযোগ পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছিল।”

​ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত মন্দিরের বন্ধ ফটক উন্মোচন কিংবা ভক্তদের চলাচলের আইনি সমাধান নিশ্চিত করা হয়নি বলে তারা অসন্তোষ প্রকাশ করেন।

​পরিস্থিতি পর্যালোচনায় জানা যায়, উক্ত মন্দিরের জমি-সংক্রান্ত বিরোধ নিরসনে গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে যৌথ বৈঠক করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। উক্ত বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সহকারী কমিশনার (ভূমি) জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী মীমাংসা না হওয়া পর্যন্ত বিতর্কিত স্থানে যেকোনো ধরনের নতুন স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন এবং মন্দিরের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন।

​এর আগে গত ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে মন্দিরের জমি ও অবৈধ দখলসংক্রান্ত জটিলতার সুরাহা এবং মন্দির চত্বর পুরোপুরি দখলমুক্ত করার দাবিতে ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল মন্দির কমিটি। ওই সময় বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টিগোচর হলে প্রশাসনের হস্তক্ষেপে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে নিয়ে সরেজমিনে মন্দির পরিদর্শনে যান। তৎকালীন সময়ে নীট কনসার্ন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে মন্দিরের চাবি আনুষ্ঠানিকভাবে পূজা কমিটির হাতে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু কিছুদিন অতিবাহিত হতে না হতেই আবারো একই ধরনের দখলাভিযানের পুনরাবৃত্তি ঘটল।

​এদিকে, মন্দিরের গেটে নতুন তালা ঝুলানো, ভক্তদের যাতায়াত বন্ধ এবং ভেতরে ভাঙচুরের গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলেও নীট কনসার্ন গ্রুপের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *