প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

ডেস্ক: রাজধানীর গুলশানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছেন ওই নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজার এলাকার ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।

তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

তিনি জানান, রাতে গুলশান এলাকা দিয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনেন। বিষয়টি শুনে তিনি গাড়ি থামিয়ে তাদের কাছে যান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। পরে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

আবদুর রহিম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন বলে দাবি করেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় লোকজন তাদের ঘিরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন। একপর্যায়ে তাদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় অন্য একজনকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেও দেখা যায়।

তবে আটক তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর রাত ৩টার দিকে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তবে কোন নির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *