যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ভারতীয় ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিশমিশ, ৪০টি চকলেট এবং ৪৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের পাচার প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে এ অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির দেওয়া তথ্যে কিছু উল্লেখ করা হয়নি।