লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চাপ ছাড়াই একটি টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সেইসঙ্গে টিউবওয়েলটির মুখে আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনাটি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনীতে। গত দুই মাস আগে মো. আবদু্ল্লাহ নামের এক বাসিন্দা ওই টিউবওয়েলটি বসিয়েছেন।
আবদু্ল্লাহ জানান, বসতঘরের সামনে দুই মাস আগে একটি টিউবওয়েলটি স্থাপন করেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নীচে চলে যায়। আর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে চলে আসে। ওই সময় নীচ থেকে পানির একটা চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে চলে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।