গাড়িতে জীবন্ত পুড়ে মরল ৬ বন্ধু, শোকে স্তব্ধ মানুষ

সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে ছয় তরুণের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই হরিয়ানার হানসি জেলার দুটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরেই পুড়ে মারা যান ছয়জন। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।

নিহতরা হলেন সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল আপন ভাই। আমান, অজয় ও একজন অঙ্কিত শিক্ষার্থী ছিলেন। অন্য তিনজন স্বনির্ভর পেশায় যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যদের না জানিয়েই রোববার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে তারা এ যাত্রায় বের হন।

সাহিলের বাবা সোম কুমার জানান, তার ছেলে গাড়িটি চালাচ্ছিল। হুন্দাই অরা মডেলের গাড়িটি তিনি দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে আগুনে মরদেহগুলো এতটাই পুড়ে যায় যে সেগুলো চেনার উপায় ছিল না। স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকটি পরিবারের সদস্য মরদেহ ফিরিয়ে আনতে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *