ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে এ ধরনের একটি ই–মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লি হাইকমিশন। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের ব্রিফ করবেন।