শামীম আহমেদ টিটো ও সজিব হোসেন :
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষার স্বেচ্ছাশ্রমের উদ্যোগ প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেললেও দ্বিতীয় দিনে এসে হোঁচট খেয়েছে। প্রথম দিন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে নদ পরিষ্কারের যে আশার সঞ্চার হয়েছিল, দ্বিতীয় দিনে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সেই উদ্যোগের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভৈরব নদের শহর অংশের কচুরিপানা অপসারণে বরাদ্দ পাওয়া গেছে এবং শিগগিরই সরকারি উদ্যোগে পরিষ্কার কার্যক্রম শুরু হবে। ফলে স্বেচ্ছাসেবীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এবং পরিকল্পনাহীনভাবে কাজ করার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার সকাল ৮টা থেকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ব্রিজ এলাকায় কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেন চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহ্বানে সাড়া দিয়ে প্রথম দিন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী কাজে অংশ নেন। তাদের মধ্যে উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিন ও সাসসের সদস্যরাও ছিলেন। প্রথম দিন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলে কচুরিপানা অপসারণের কাজ। এ উদ্যোগে শহরবাসীর মধ্যেও আশার সঞ্চার হয়। অনেকেই প্রত্যাশা করেছিলেন, পরবর্তী দিনগুলোতে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং দ্রুতই শহরের গুরুত্বপূর্ণ দড়াটানা এলাকার ভৈরব নদ কচুরিপানামুক্ত হবে। কিন্তু দ্বিতীয় দিনে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেই প্রত্যাশায় ভাটা পড়েছে।
তবে জনস্বার্থের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার দায়িত্ব কার এবং দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাই বা কী? স্বেচ্ছাশ্রমে সাময়িকভাবে কচুরিপানা সরানো সম্ভব হলেও যথাযথ ব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া নদকে স্থায়ীভাবে পরিষ্কার রাখা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে উদ্যোগের উদ্যোক্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন।তিনি বলেন, ‘ভৈরব নদ যশোরের প্রাণ। নদটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
তবে স্বেচ্ছাসেবীদের এ কার্যক্রম নিয়ে ভিন্নমত জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী। তার ভাষ্য, স্বেচ্ছাসেবীরা নদের যে অংশে কাজ করছেন, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে হাসপাতালের বর্জ্য ও অন্যান্য আবর্জনার কারণে সেখানে কাজ করতে গিয়ে স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ডা. সাদিয়া মনোয়ারা উষার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় । তবে এত বড় একটি কাজ ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করা সম্ভব নয়। এ ধরনের কার্যক্রম শুরুর আগে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করা উচিত ছিল। কিন্তু স্বেচ্ছাসেবীরা তাদের কোনো অনুমতি কিংবা পরামর্শ ছাড়াই কাজ শুরু করেছেন। কচুরিপানা অপসারণের পদ্ধতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই কর্মকর্তা। তিনি জানান, স্বেচ্ছাসেবীরা নদ থেকে কচুরিপানা টেনে পাড়ে জমা করছেন। যথাযথভাবে এসব কচুরিপানা সরিয়ে না নিলে তা পচে পরিবেশদূষণের পাশাপাশি নদতীরে পলি জমার ঝুঁকি তৈরি করতে পারে।
পলাশ কুমার ব্যানার্জী আরও জানান, ভৈরব নদের শহর অংশের কচুরিপানা অপসারণের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় শেষ। দ্রুতই পরিকল্পিতভাবে কচুরিপানা অপসারণের কাজ শুরু হবে। একই সঙ্গে অপসারণ করা কচুরিপানা গাড়ির মাধ্যমে নদ এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সরকারি উদ্যোগে কচুরিপানা অপসারণের প্রস্তুতি যখন প্রায় শেষ, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই স্বেচ্ছাসেবীদের এ কার্যক্রম কতটা কার্যকর হবে? বিশেষ করে স্বাস্থ্যঝুঁকি ও অপসারণ করা কচুরিপানার যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত না হলে মহৎ উদ্দেশ্যে শুরু হওয়া এই উদ্যোগের সুফল কতটা মিলবে, তা নিয়েও সংশয় রয়েছে।
অন্যদিকে, স্বেচ্ছাশ্রমের এ উদ্যোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যেই ডা. সাদিয়া মনোয়ারা উষার কার্যক্রম ব্যাপক পরিচিতি পেয়েছে। কেউ তাঁর উদ্যোগকে নাগরিক দায়িত্ববোধের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে এমন ঝুঁকিপূর্ণ কাজে নামার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।