ঝিকরগাছায় পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ

যশোরের ঝিকরগাছায় পূর্বশত্রুতার জেরে জয়ন্ত (২২) নামে এক যুবককে একটি কক্ষে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝিকরগাছা রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

আহত জয়ন্ত যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জয় নামের এক ব্যক্তির ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ঝিকরগাছার হাজের আলী মহিলা কলেজ এলাকার লক্ষণের ছেলে বড়বাবু (৩৫), বড়বাবুর ছেলে রাম (১৮) ও কুমারের ছেলে অনিল (৩৫) জয়ন্তকে রেলস্টেশনের পাশের একটি কক্ষে আটকে রেখে লোহার রড, কিল ও ঘুষি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে জয়ন্ত হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *