ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাস (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেওয়ার পর তাঁকে আটক করা হয়।
আটক হিমাংশু দাস বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় পুলিশের অভ্যন্তরীণ তথ্যভান্ডারে তাঁর পাসপোর্টের বিপরীতে দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত ‘স্টপ লিস্ট’ তথ্য পাওয়া যায়। পরে তাঁকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, হিমাংশু দাসের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলা থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। আটকের পর তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ আটক আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।