পাকিস্তানের প্রথম নিজস্ব লুনার রোভার ‘জিন্নাহ-১’ (Jinnah-1) ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO) জানিয়েছে, প্রায় ৩৫ কেজি ওজনের এই রোভারটি চীনের ‘চ্যাং’ই-৮ (Chang’e-8) চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির তত্ত্বাবধানে রোভারটি তৈরি করা হচ্ছে। চন্দ্রপৃষ্ঠে পৌঁছে এটি পানির সম্ভাব্য উপস্থিতি অনুসন্ধান, মাটি ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং প্লাজমা ও বিকিরণ নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর নাম অনুসারে রোভারটির নামকরণ করা হয়েছে ‘জিন্নাহ-১’। দেশটির মহাকাশ গবেষণায় এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পাকিস্তানের এই রোভার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের পরিবেশ ও সম্পদ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে কাজ করবে।