গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিবগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলান উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত ১ জনকে ঢাকা পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।