গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত, বাসে আগুন

গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত মরিয়ম বেগম (৫০) ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে কারখানায় যাচ্ছিলেন মরিয়ম। এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পার হতে গেলে তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মরিয়ম।

এদিকে, মরিয়মের নিহতের খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং তাকওয়া পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করেন। এতে বাসের ভেতরে অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এক পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এ খবরে নিহতের সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *