ঝগড়ার পর সপ্তম তলা থেকে লাফ, তরুণী নিহত, গুরুতর আহত সঙ্গী

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে সঙ্গীর সঙ্গে কথাকাটাকাটির পর একটি ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তরুণীর নাম জননী। তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে থাকছিলেন।

আহত যুবকের নাম মনিচাভেলু। তিনি জননীর বন্ধু বলে জানিয়েছে পুলিশ। একটি সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানে কর্মরত মনিচাভেলুর বাড়িও পুদুচেরিতে।

পুলিশ ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে গিয়ে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের সন্দেহ, লাফ দেওয়ার সময় জননী মনিচাভেলুকে সঙ্গে টেনে নিয়েছিলেন। এতে দুজনই সপ্তম তলা থেকে নিচে পড়ে যান।

পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। অন্যদিকে, মনিচাভেলু একটি গাছের ডালে পড়ে পরে মাটিতে আছড়ে পড়েন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জননী ও মনিচাভেলুর মধ্যে কী নিয়ে তর্ক হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে দুজন সপ্তম তলা থেকে নিচে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *