শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চলতি বছরের ১০ জানুয়ারি স্থানীয় শাহাজালালের সঙ্গে ৪ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। পুরো টাকা পরিশোধের পর ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়।

অভিযোগে বলা হয়, সৌদি আরবে যাওয়ার পর রিপনকে কোনো চাকরি দেওয়া হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সময় কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন তার বাবা। বর্তমানে রিপন অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৮ আগস্ট বিকেলে পাওনা ৪ লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান মোল্যা, তার ছেলে রিপন ও সঙ্গে থাকা আলাউদ্দিনকে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এতে তারা আহত হলে স্থানীয়দের সহায়তায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রিপনকে সেখানে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি শাহাজান মোল্যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *