প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটির সদস্যসচিব মবিনের পদত্যাগ

প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে মবিনুল ইসলাম মবিন উল্লেখ করেন, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কিছু অনিয়মতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গত জুলাই থেকে সাংবাদিক ইউনিয়ন যশোর আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠিত হলে তিনি শুরু থেকেই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রেসক্লাবের সংকট নিরসনে গত ৬ আগস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পেশাগত ব্যস্ততার কারণে দায়িত্ব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করলেও যৌথ কমিটির সভায় তাকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ক্লাব সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ প্রদান এবং অডিট কার্যক্রম শুরুর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রেসক্লাবের কাজে সময় দিতে গিয়ে তিনি নিজের পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে পারেননি। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তার পেশাগত ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। একান্ত ব্যক্তিগত কারণে বর্তমান আহ্বায়ক কমিটিতে আর দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে তিনি সদস্যসচিবের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রেসক্লাব যশোরে সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন এবং এ বিষয়ে আল্টিমেটামও দেন। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার সদস্য সচিব হন মবিনুল ইসলাম মবিন। একই সঙ্গে আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সদস্যপদের আবেদন ফরম বিক্রি শুরু হলে ১০১ জন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ প্রদান করা হয়। পাশাপাশি একজন সাবেক সদস্যের সদস্যপদ পুনর্বহাল করা হয়। রোববার সকালে দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ আরএম সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচিতে অংশ নেন মবিনুল ইসলাম মবিন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার পদত্যাগের ঘটনায় সাধারণ সদস্যদের মধ্যে নানা ধরনের আলোচনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *