রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় একটি ঝুট তুলার টিনশেড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবোর ওই ঝুট তুলার গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং বেলা ১২টা ৪ মিনিটে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে আগুন লাগার কারণ ও আর্থিক ক্ষতির বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।