গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থীদের মারামারি, আহত ৬

গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার পার্কের ভেতরে এ মারামারির ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আহতরা হলেন–রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭), জারিফ (১৫) ও তাদের গাড়ি চালক মো. রাসেল (২৫)। এছাড়া পার্কের আউটসোর্সিং কর্মচারী মোমিন ও মাসুদ রানা নামে দুইজন আহত হয়েছেন।

ভুক্তভোগী দর্শনার্থী সালমা হোসেন জানান, দুই সন্তান আহনাফ ও জারিফকে নিয়ে শনিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কে যান। পার্কের কোর সাফারির দর্শনার্থীদের বাসের ভেতর ময়লা ও আবর্জনা থাকায় তা পরিষ্কার করতে বলেন। এ সময় পার্ক কর্তৃপক্ষ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে সাথে থাকা স্টিলের রড দিয়ে এলোপাতাড়ি জারিফ, আহনাফ ও চালক রাসেলকে মারধর করে। এসময় তার তিন ভরি ওজনের স্বর্ণের চেন, মোবাইল ভাঙচুর করে ও নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, দর্শনার্থী বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে পার্কের এক কর্মচারীর সাথে বাদবিতণ্ডা তৈরি হয়। এ সময় দর্শনার্থীর এক সন্তান ওই কর্মচারীকে মারধর করে। পরে তাদের পরিদর্শন শেষে পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তারা ফের উত্তেজিত হয়ে হামলায় করে। এতে পার্কের দুই কর্মচারী আহত হয়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মারামারির ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *