তাহসিফ হত্যা মামলা: তাসনিম দিশা ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামস উদ দোহা সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ভোরে ঢাকার কাফরুল এলাকার বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং উত্তরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে দিশাকে নিয়ে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তারা ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকসে’ খাবার খান।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তদন্তকারীরা আরও দেখতে পান যে, তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও গিয়েছিলেন দিশা।

ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে। দিশা ও দীপের বক্তব্য ক্রসচেক করা প্রয়োজন।

এছাড়া, তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে তার একাধিকবার কথা বলার তথ্য-প্রমাণ আছে।

এর আগে, গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

দীপকে গতকাল আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আদালতে উপস্থাপন করা পুলিশের ফরোয়ার্ডিং আবেদনে তাহসিফের মৃত্যুর সঙ্গে দীপের সংশ্লিষ্টতার উল্লেখ করা হয়।

২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

২৮ অক্টোবর বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায়।

ওই যুবক তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

২৯ অক্টোবর রাতে হেফাজতে নেওয়ার পরদিন দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *