জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান মাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় এক মাস ধরে তাঁরা কলাবাগান গলিতে ইব্রাহিম হোসেনের মালিকানাধীন ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে তাঁদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে কাওসার দুই সন্তানকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রী ইসরাতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন সকালে কাওসার সন্তানদের ঘরে রেখেই বাসার মূল দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যান বলে জানা গেছে। পরে দুই সন্তান জানালা দিয়ে চিৎকার করে স্থানীয়দের বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ইসরাতের মরদেহ উদ্ধার করে।
নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার সিনহা দাবি করে, তাঁর বাবার অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও ঝগড়ার পর তাঁদের অন্য একটি কক্ষে আটকে রাখা হয় বলে জানায় সে।
বাসার মালিক ইব্রাহিম হোসেন জানান, পরিবারটি প্রায় এক মাস আগে তাঁর বাসায় ভাড়া উঠেছিল। ভাড়া দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র না নেওয়াকে নিজের ভুল বলেও উল্লেখ করেন তিনি।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শ্বাসরোধ করে ইসরাতকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।