ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার মারধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও গরুর মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে তাঁর ডাকাডাকিতে আশপাশের লোকজন এগিয়ে এসে তালা ভেঙে তাঁকে ঘর থেকে বের করেন।
এরপর গোয়ালঘরে গিয়ে দেখা যায়, সেখানে থাকা দুটি গরুর মধ্যে একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে গরুটি পাওয়া যায়। এ ঘটনার পর গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে স্থানীয় জনতা মারধর করে বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন।
শনিবার সকাল ১০টার দিকে আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।