প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। হত্যা মামলায় কারাগারে বন্দি এক ব্যক্তিকে সরকারি এই গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য ‘চূড়ান্ত নির্বাচিত’ তথ্য সংগ্রহকারী হিসেবে তালিকাভুক্ত করার ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা যায়, তালিকার ৮ নম্বর ক্রমিকে থাকা শাকিল গাজীর নাম ‘চূড়ান্ত নির্বাচিত’ হিসেবে রয়েছে। তার পিতার নাম আলফু গাজী এবং গ্রাম লোধেরগাঁও। স্থানীয় সূত্র ও মামলার নথিপত্র অনুযায়ী, শাহমাহমুদপুর এলাকায় প্রবাসী শাহজাহান পাটওয়ারী হত্যা মামলার প্রধান আসামি শাকিল গাজী বর্তমানে কারাগারে রয়েছেন। একজন বন্দি ব্যক্তি কীভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মতো সরকারি দায়িত্বে চূড়ান্ত তালিকায় স্থান পেলেন, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে গিয়ে পরিবারগুলোর সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা, আয়-ব্যয়সহ অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে হয়। এই দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীর পরিচয়, যোগ্যতা এবং বর্তমান আইনগত অবস্থান বা ব্যাকগ্রাউন্ড যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও শাকিল গাজী স্থানীয়ভাবে আলোচিত। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিত।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ নির্বাচন কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা গণমাধ্যমকে বলেন, ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছে। আমরা তাকে বাদ দিয়ে দেব।
অপেক্ষমাণ তালিকা থেকে নেব।
চূড়ান্ত তালিকা প্রকাশের পূর্বেই প্রার্থীদের আইনি ও সামগ্রিক অবস্থান যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টদের মাঝে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।