ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ছায়াবানী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা আক্তার চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া (মোহসিনিয়া) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেনটি ছায়াবানী রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ভিড় জমায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর রেল‌ওয়ে পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ইন্সপেক্টর রাজিব কর জানান, আমরা শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে তার তার সুরুতহাল ময়নাতদন্তের শেষ তার অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *