সাময়িক পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, ফাঁস নিলো নবম শ্রেণির শিক্ষার্থী

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের দীপ্রজিৎ পাল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী সাময়িক পরীক্ষার ফলাফলে সাতটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের ফরিদপুর পট্টি কাটপট্টি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দীপ্রজিৎ পাল ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি কাটপট্টি এলাকার গৌতম পালের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় দীপ্রজিৎ পাল সাতটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। রাতে দীপ্রজিৎ নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সল তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *