সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে মন্দিরের পূজা-অর্চনা ঘরের স্টিলের দরজার তালা ভেঙে মহাদেবের স্বর্ণালংকার, রুপার সামগ্রী, পিতলের বিগ্রহ, কাঁসার বাসনপত্র ও নগদ অর্থ লুটে নেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
মন্দিরের পুরোহিত রাজন দেবনাথ জানান, চোরেরা বিগ্রহ থেকে প্রায় ৪ ভরির রুপার গঙ্গা, ৩ ভরির রুপার চাঁদ, ১২ ভরি ওজনের স্বর্ণের সাপ ও বেলপাতা, ৪টি রুপার হার, ৭ আনার স্বর্ণের তুলসী পাতা, ৪টি ঐতিহ্যবাহী পিতলের মূর্তি, কাঁসার থালা-গ্লাস এবং মাটির প্রণামী বাক্স ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আবেগাপ্লুত কণ্ঠে পুরোহিত রাজন দেবনাথ বলেন, “আমাদের দীর্ঘ ৩০ বছরের ভক্তি, সাধনা, ইতিহাস ও স্মৃতি এক রাতেই নিমিষে লুণ্ঠিত হয়ে গেল।”
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু ধীরেন্দ্র দেবনাথ ধীরুর বাড়ির পারিবারিক ও সার্বজনীন এই মন্দিরে এমন গর্হিত চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সনাতনী নেতৃবৃন্দ। তারা অতি দ্রুত ঘটনার সাথে জড়িত চক্রকে শনাক্ত করে পবিত্র মালামাল উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।