ব্রেকিং: গাইবান্ধায় কোরআন অবমাননার অভিযোগে যুবককে আটক করল পুলিশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান।

আটক আবু হানিফ ওরফে নিউটন (৪০) উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর (যোগীবাড়ী) গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে।

বর্তমানে তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তর পাড়ার জনৈক সুমন মিয়ার বাড়ি ভাড়া করে বসবাস করছিলেন।

রোববার সকালে তাকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি জাহেদুল ইসলাম সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, আবু হানিফ দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী কথাবার্তা বলছেন। এ ছাড়া কোরআন অবমাননা ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এসব বিষয়ে তাকে একাধিকবার নিষেধ করা করা হলেও তিনি ক্ষান্ত হননি।

রোববার জোহর নামাজের পর স্থানীয় কিছু লোকজনকে নিয়ে ইমাম ওলামা পরিষদ থানা চত্বরে বিক্ষোভ করে। এ সময় তারা আবু হানিফের ফাঁসির দাবি জানান।

সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, আবু হানিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *