বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তিনজন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করা হয়েছে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে থাকা একটি বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ হয়। এতে আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তারা প্রাণ বাঁচাতে ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। ততক্ষণে তাদের শরীরের কাপড় পুড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ওই বোমা সদৃশ বস্তুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *