রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেলের বন্ধ কক্ষের দরজা ভেঙে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস’ হোস্টেল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা যায়, পিংকি বিশ্বাস ওই হোস্টেলের একটি কক্ষে আরও দুই সহপাঠীর সঙ্গে থাকতেন। তাঁর দুই রুমমেট ছুটিতে বাড়িতে থাকায় তিনি কক্ষে একাই ছিলেন। শুক্রবার সকালে স্বজনেরা ও হোস্টেল কর্তৃপক্ষ তাঁর সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থল থেকে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার জানান, “সংবাদ পেয়ে সকাল ৮টার দিকে আমরা হোস্টেলে গিয়ে ভেতরের দিক থেকে বন্ধ থাকা ঘরের দরজা ভেঙে প্রবেশ করি। সেখানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।”
তিনি আরও জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা—মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।