মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

মাগুরা: মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ফরিদপুরের পুরাতন টোলপ্লাজা এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে শহরের কেশব মোড় এলাকা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে ওঠে ওই শিক্ষার্থী। পথিমধ্যে তাকে চেতনানাশক স্প্রে করে অপহরণকারীরা নিয়ে যায়।

অপহরণের সময় শিক্ষার্থীর স্কুলব্যাগটি শহরের লক্ষ্মীকান্দ ট্রাক টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায় তারা।

পরে ব্যাগে থাকা মোবাইল ফোন নম্বরের মাধ্যমে শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়।

এরপর পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফরিদপুরের রামনগর পুরাতন টোলপ্লাজা এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘সকালে অনেক শিক্ষার্থী একাই স্কুলে যায়।

সে সময় তাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকেন না।
এই সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এ ধরনের অপকর্ম ঘটিয়ে থাকে। তাই সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *