স্বজনরা অনেক চেষ্টা করেও রক্তদাতা জোগাড় করতে পারেননি। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মুমূর্ষু এক গর্ভবতী নারীকে নিজেই রক্ত দিয়ে বাঁচালেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ বা গর্ভজনিত জটিলতা নিয়ে এক গর্ভবতী নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম পাওয়া যায় এবং রক্তক্ষরণ অব্যাহত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
কিন্তু পরদিন সকাল পর্যন্ত রোগীর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও রক্তের ব্যবস্থা করতে পারেননি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. মাহিদুল ইসলাম তুহিন উজিরপুরে জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এ যাত্রায় রোগীকে রক্ত দিতে পেরেছেন ঠিকই, কিন্তু অন্য কোনো গ্রুপের জরুরি প্রয়োজন দেখা দিলে তা কীভাবে মেটানো হবে– তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
উজিরপুর উপজেলায় জরুরি প্রয়োজনে রক্তদাতাদের একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।