তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, জুলাই সনদের আলোকেই বৈষম্যহীন ও প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদীর সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং নড়াইল জেলা সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
পথসভায় বক্তারা বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বলেন, দেশের শাসনব্যবস্থা ও রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন করাই এই সময়ের মূল লক্ষ্য।