নওয়াপাড়ায় দ্বিতীয়বারের মতো পালিত হলো ‘জুলাই দিবস’, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘জুলাই দিবস’ পালিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় অডিটোরিয়াম প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং মো. আশিকুল ইসলাম ও তারিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের দাবির পক্ষে ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা বাস্তবায়ন করা জরুরি।” একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। বক্তব্যে তিনি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের অর্থ আত্মসাতের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিসহ দর্শনার্থীরা। অনুষ্ঠানটির শেষ পর্বে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *