নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিকু সর্দ্দার (৩৫) নামে এক সনাতনী মৎস্যজীবীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর এলাকার ঘনপুকুরপাড়ের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিকু সর্দ্দার উপজেলার বিলপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন জেলে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর বোনের স্বামীর (ভায়রা ভাই) সঙ্গে জিকু সর্দ্দারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পারিবারিক কলহের জেরে তিনি মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন বলে স্বজনরা দাবি করেছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জিকু সর্দ্দারের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর খবরে স্থানীয় সনাতনী সমাজসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।