সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশেই পড়েছিল লাল শাড়ি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই একটি লাল রঙের শাড়ি পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

এসআই শহিদুল ইসলাম আরও বলেন, ‘ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা-সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *