যশোরের বাঘারপাড়ায় দুর্গা মন্দিরে চুরি, প্রায় ৬০ হাজার টাকার মালামাল খোয়া

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে একটি সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা ব্যক্তি বা চোরের দল গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা দুটি সিলিং ফ্যান, একটি মনিটর, একটি পিসি, একটি সোলার ব্যাটারি এবং পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা সুজয় কুমার পাল মাঠে যাওয়ার সময় মন্দিরের গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে চুরির ঘটনা নিশ্চিত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *