ব্রাজিল সমর্থকদের উল্লাসে দুর্ঘটনা, জেনারেটরের চাপে বিচ্ছিন্ন হলো আঙুল

বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন জানিয়ে আয়োজিত আনন্দ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় মো. শাহরিয়া সাফিন (১৮) নামে এক সমর্থক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থগিত করা হয়েছে শোভাযাত্রাটি। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আহত ব্রাজিল সমর্থক সাফিন পৌর শহরের গোলাবাড়ী এলাকার মো. রশিদ মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাফিনের বড় ভাই মো. তুহিন জানান, ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রার প্রস্তুতি চলছিল। শোভাযাত্রার জন্য একটি মিনি কাভার্ড ভ্যানে জেনারেটর ও সাউন্ড সিস্টেম তোলা হচ্ছিল। এ সময় অসতর্কতাবশত জেনারেটরটি তার বাম পায়ের ওপর পড়ে যায়। এতে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।

মো. আরিফুল ইসলাম সাগর নামে এক ব্রাজিল সমর্থক জানান, শোভাযাত্রায় গান-বাজনা ও আনন্দ-উল্লাসের জন্য সাউন্ডবক্স গাড়িতে তোলা হচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তেই উৎসবের আমেজ ম্লান হয়ে যায়। তাই শোভাযাত্রাটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে পুনরায় আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *