নড়াইলে ইয়াবাসহ যুবক আটক - sanatanitv

নড়াইলে ইয়াবাসহ যুবক আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৩, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০২ পিস ইয়াবাসহ সবুজ কাজী (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের সামনে থেকে সবুজ কাজীকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ওই মিষ্টির দোকানির দাবি, সবুজ কাজী তার দোকানে কাপ দই আছে কি না জানতে এসেছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এসে তাকে আটক করেন।

এ বিষয়ে এসআই আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।