নড়াইলে কিশোরীকে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এক কিশোরীকে হেনস্তা ও তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন। গ্রেফতার তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন এসএসসি পরীক্ষার্থী। গত ২১ মে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক আটকে রেখে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে ভুক্তভোগীর মা সুমনা বেগম বাদী হয়ে গত ২৪ মে লোহাগড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *