জয়পুরহাটে ‘কামলা’ বলায় ক্ষোভ, পিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির—অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। ওই রাতেই নিহত ব্যক্তির ছোট ভাই পরিমল চন্দ্র মালী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। আজ রোববার সকালে ওই মামলায় হাসান আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। অভিযুক্ত হাসান আলী ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজনের ভাষ্য, তিনি ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে শ্যামল কাশিড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় শ্যামল গ্রামের হাসানকে ‘কামলা’ সম্বোধন করে তাঁর সঙ্গে গ্রামের একজনের জমির ধান কাটার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ক্ষিপ্ত হয়ে শ্যামলকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহত ব্যক্তির ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে হাসান আলীকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। স্ত্রী দীপালি মালী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলেমেয়েরা আজ এতিম হয়ে গেল।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন আক্তার বলেন, শ্যামল চন্দ্র মালীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *