হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পালহাটি এলাকার চতুরঙ্গ রায়ের পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, কচুর লতি তোলাকে কেন্দ্র করে বিরোধের কথা সামনে আনা হলেও প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় স্বর্গীয় শ্যামল দাসের মেয়ে গৌরী দাস (৪৫) গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া তার তিন ভাইসহ পরিবারের আরও সদস্যরা মারধরের শিকার হন।
আহতদের স্বজনরা জানান, তাদের বসতবাড়ির আশপাশে বেশ কয়েকটি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল। পরিবারের সদস্যরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরেই প্রতিবেশীদের একটি পক্ষ তাদের ওপর হামলা চালায় বলে দাবি তাদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন, কচুর লতি তোলার বিষয়টি হামলার প্রকৃত কারণ নয়। তাদের মতে, এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণেই পরিবারটি দীর্ঘদিন ধরে চাপের মুখে ছিল।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান। তাদের মধ্যে উপজেলা বিএনপির কয়েকজন নেতাও ছিলেন।
এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তদের রক্ষা করতে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করছেন। তবে তারা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
