সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে চার মাস বয়সী শিশু সন্তানকে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। স্থানীয় নৌকার মাঝিরা যমুনা খাতুন (২২) নামের ওই নারীকে জীবিত উদ্ধার করতে পারলেও চার মাস বয়সী শিশু সাইফ ওসমান হাদি নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে যমুনা খাতুন প্রথমে ছেলে সন্তানকে নদীতে ফেলে দেন। এরপর যমুনা খাতুন নিজেও নদীতে ঝাঁপ দেন। গড়াই নদীতে থাকা কয়েকজন নৌকার মাঝি দ্রুত এগিয়ে গিয়ে যমুনা খাতুনকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উদ্ধারে খোঁজাখুঁজি চালানো হলেও সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, যমুনা খাতুন কিছুদিন ধরে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় বাপের বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকালে যমুনা খাতুন বাপের বাড়ি থেকে এসে গড়াই নদীতে ঝাঁপ দেন।

আব্দুল আলীম দাবি করেন, স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এ ছাড়া শিশুর চিকিৎসা ও পারিবারিক বিষয় নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “উদ্ধার হওয়া নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। যমুনা খাতুনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *