যশোরে মসজিদ কমিটির বিরোধ নিয়ে বৃদ্ধকে মারপিট ও তার মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ

যশোরে মসজিদ কমিটির বিরোধে বৃদ্ধ ও মেয়েকে মারধরের অভিযোগ কাগজ সংবাদ যশোর শহরের বিরামপুর এলাকায় মসজিদ কমিটির বিষয় নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তার মেয়েকে মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী আব্দুল হাকিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেলে বিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আছরের নামাজ শেষে মসজিদ কমিটির বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলোচনা করছিলেন আব্দুল হাকিম খান। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী হাফিজুর আলম খান ওরফে সেন্টু এবং মিন্টু সেখানে এসে উসকানিমূলক কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেন্টু অতর্কিতভাবে আব্দুল হাকিম খানের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। তবে তিনি সরে গেলে আঘাতটি তার বাম কাঁধের নিচে লাগে এবং তিনি গুরুতর আহত হন। বৃদ্ধের চিৎকার শুনে তার মেয়ে তানজিলা খান ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তানজিলা খানের ওপরও চড়াও হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় এবং তার পরিহিত স্বর্ণের নাকফুল, কানের দুল ও একটি চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে স্থানীয় প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *