খাবার কিনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দোকানে খাবার কিনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় ৭১ বছরের নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া যশোর, নেত্রকোনা ও কুষ্টিয়ায় ধর্ষণের শিকার হয়েছে তিন শিশু। কুমিল্লায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।

দলবদ্ধ ধর্ষণের শিকার শিশু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে দোকানে খাবার কিনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের একজনের নাম আফরোজ মিয়া (৩৫)। তার সহযোগী আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঘটনার পর স্থানীয়ভাবে কয়েকজন বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করেন। ভুক্তভোগীর বাবা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর মনে হওয়ায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা হয়নি। তারপরও ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ধর্ষণের শিকার বৃদ্ধা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বৃদ্ধাকে (৭১) ধর্ষণের অভিযোগে গত রোববার রাতে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ মে দুপুরে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী। মেয়ের বাড়ি থেকে দেওয়া তরকারি ও মাছ একটি ব্যাগে করে হেঁটে ফেরার সময় পথিমধ্যে তাঁর সঙ্গে তরিকুলের দেখা হয়। এ সময় সে ওই বৃদ্ধার হাত থেকে তরকারির ব্যাগটি নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে হাঁটতে শুরু করে। একপর্যায়ে একটি মাঠে পৌঁছালে নির্জন স্থানে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় তরিকুল।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
যশোরের কেশবপুর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে জয়ন্তর বাড়িতে টেলিভিশন দেখতে যায় চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই শিশু (৯)। এ সময় তাকে ধর্ষণ করে ওই তরুণ। পরে মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারের লোকদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা থানায় খবর দেন। এরপর জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি
নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ এপ্রিলের এ ঘটনায় ভুক্তভোগীর দাদি নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভয়ে এলাকা ছেড়েছেন তারা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা।

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগে ওয়াহেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুকে ধর্ষণের চেষ্টা 
কুমিল্লা দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৪৩) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ মে চিপস কিনতে গেলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দেলোয়ার। ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় মামলার পর রোববার দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *