কেশবপুরে পশুর হাটে গাড়ি পার্কিং নিয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

যশোরের কেশবপুরে কোরবানির পশুর হাটে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

সোমবার দুপুরে কেশবপুরের কোরবানির ছাগলের হাটে এ ঘটনা ঘটে। আহত ওবায়দুল হক (৫৪) পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল গনি বিশ্বাসের ছেলে এবং হাটের দায়িত্বশীলদের একজন।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটে প্রচুর ভিড়ের মধ্যে একটি গরুবাহী ট্রাক ছাগলের হাট এলাকায় পার্কিং করার চেষ্টা করে। এতে ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এ সময় ওবায়দুল হক বিষয়টি নিয়ে আপত্তি জানান।

এ সময় আলতাপোল ৪ নম্বর ওয়ার্ডের মৃত নাজির বিশ্বাসের ছেলে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪৫), আলি হোসেন বিশ্বাসের ছেলে আমজাদ হোসেন বিশ্বাস (৩৫) এবং তরিকুল ইসলাম (৩৮)-এর নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় ওবায়দুল হক রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। হামলার সময় বাধা দিতে গেলে উপস্থিতদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রেখসোনা খাতুন বলেন, কোরবানির পশুর হাটে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *