ঢাকা মহানগীর মিরপুর এলাকায় অবস্থিত একটি ডেন্টাল ক্লিনিককে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঈদ উপলক্ষে প্রকাশিত একটি প্রচারণামূলক বার্তাকে কেন্দ্র করে দেশের সনাতনী সম্প্রদায়ের একটি অংশ নিজেদের ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত বলে দাবি করেছে।
জানা যায়, “Tooth Care & Orthodontics” নামের একটি প্রতিষ্ঠানের একটি প্রচারণামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগকারীদের দাবি, উক্ত বার্তাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত করতে পারে।
এ ঘটনার প্রেক্ষিতে “সনাতনী অধিকার আন্দোলন”, “বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি” এবং “সনাতনী ফাউন্ডেশন” যৌথভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের বিশ্বাস ও অনুভূতির প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন কোনো কার্যক্রম পরিচালনা করে যা একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তবে তা সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে যদি কোনো ধরনের ধর্মীয় উসকানি বা অবমাননার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়গুলোতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই আরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। কারণ সামান্য অসতর্কতা থেকেও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
