লোহাগড়ায় নিখোঁজের ১২ দিন পর কিশোরী উদ্ধার, অপহরণ-ধর্ষণ মামলায় দুই অভিযুক্ত আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা এলাকায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) এবং আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)।

ভুক্তভোগীর মা সোনিয়া বেগম জানান, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে নির্ধারিত সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবারের অনুসন্ধানে পরে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অপহরণের পর ওই নাবালিকাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং তাকে পাচারের চেষ্টাও করা হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *