গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদলের সাবেক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনামুল মিয়া নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার রাত ৯টার অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেন এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সেখানে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, ‘জনগণ ক্ষুব্ধ ছিল। ধর্ষণের অভিযুক্তকে আমরা দ্রুত উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *